২৪ জুন ২০২৬, ০০:০৬

রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল

পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ   © সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র আর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলখরা—দুই মিলিয়ে বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী পর্তুগালকে ঘিরে প্রশ্নের শেষ ছিল না। তবে হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমে সব সমালোচনার জবাব দিয়েছে রবার্তো মার্তিনেজের দল। আর সেই জবাবের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। চতুর্থ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রসে সামান্য ছোঁয়া দিতে পারলেই গোল পেয়ে যেতেন তিনি। কিন্তু বল তার পায়ের নাগাল এড়িয়ে চলে যায়।

তবে অপেক্ষাটা দীর্ঘ হয়নি। মাত্র দুই মিনিট পরই গোলের দেখা পান পর্তুগিজ মহাতারকা। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে আসা জোয়াও কানসেলোর ক্রস থেকে নিখুঁত টাইমিংয়ে নিয়ার পোস্টে পৌঁছে সাইড-ফুট ফিনিশে উজবেক গোলরক্ষক আবদুভোখিদ নেমাতভকে পরাস্ত করেন রোনালদো।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন কীর্তি গড়েন তিনি। প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন রোনালদো। এর আগে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি ছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।

১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রি-কিক থেকে সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, তখন চমক দেখান নুনো মেন্দেস। তার বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং শট উজবেকিস্তানের জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

উজবেকিস্তান একবার জালে বল পাঠিয়েছিলও। ২৯তম মিনিটে আজিজ গানিয়েভ প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করলেও তার আগে গনসালো ইনাসিওকে ফাউল করার কারণে সেটি বাতিল করে দেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আঘাত হানেন রোনালদো। ৩৯তম মিনিটে মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত থ্রু-পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দারুণ ফিনিশে জোড়া গোল পূর্ণ করেন পর্তুগাল অধিনায়ক।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন রোনালদো। ১০ গোল নিয়ে তিনি ছাড়িয়ে যান দেশটির কিংবদন্তি ইউসেবিওকে। ১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিওর করা ৯ গোল এতদিন পর্তুগালের সর্বোচ্চ ছিল।

শেষমেশ রোনালদোর জোড়া গোল, নুনো মেন্দেসের দুর্দান্ত ফ্রি-কিক আর দাপুটে ফুটবলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।