২৩ জুন ২০২৬, ১৩:১২

বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো

বল ও ফিফা বিশ্বকাপ  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই জমে উঠেছে সমীকরণের জট। কয়েকটি বড় দল ইতোমধ্যেই বৈশ্বিক এই টুর্নামেন্টে নিজেদের অবস্থান জটিল করে ফেলেছে, ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

এর মধ্যে সবচেয়ে আলোচনায় উরুগুয়ে। গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করার পর পরের ম্যাচে কেপ ভার্দে সঙ্গে ২-২ গোল ব্যবধানে ড্রয়ে পরিস্থিতি জটিল হয়ে যায় তাদের। ফলে, স্পেনের কাছে হারলে বা প্রত্যাশিত ফল না পেলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় একদম নিশ্চিত।

একইভাবে স্পেনও পুরোপুরি নিশ্চিন্ত নয়। কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের কারণে গ্রুপের সমীকরণে কিছুটা চাপ তৈরি হয়েছিল তাদের ওপর। যদিও সৌদি আরবকে বড় ব্যবধানে হারিয়ে সেই চাপ অনেকটাই কমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে উরুগুয়ানদের সঙ্গে হারলে এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারালে তাদের পরিস্থিতিও জটিল হবে। বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা জাগবে। 

আলোচনায় আছে সৌদিও। প্রথম দুই ম্যাচে সংগ্রাম করায় তাদের নকআউট স্বপ্ন এখন অন্য ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করতে পারে।

বিশ্বকাপ ইতিহাস বলে, বড় দলগুলোর জন্য গ্রুপ পর্ব সব সময় সহজ হয় না। চার বছর আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল একাধিক তারকাসমৃদ্ধ দল। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি ভুল কিংবা একটি অপ্রত্যাশিত ড্রয়েই সবকিছু বদলে দিতে পারে নকআউটের চিত্র।

এদিকে আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানির মতো দলগুলো গ্রুপ পর্বে নিজেদের অবস্থান তুলনামূলকভাবে শক্ত করেছে। ইতোমধ্যেই নকআউটের টিকিটও কেটেছে দলগুলো। বিশ্বকাপের দুই সহ-আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রও 'রাউন্ড অব ৩২' এর টিকিট হাতে পেয়েছে।