‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জাদুতে মুগ্ধ র্যাগনিক
আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন কঠিন হলেও ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রাল্ফ র্যাগনিকের কণ্ঠে ঝরল কেবলই লিওনেল মেসি বন্দনা। ফুটবল মাঠে আধুনিক ‘কাউন্টারপ্রেসিং’ কৌশলের অন্যতম জনক হিসেবে পরিচিত এই মাস্টারমাইন্ড কোচ অকপটে স্বীকার করেছেন, পুরো এক সপ্তাহ ধরে ছক কষেও ৩৯ ছুঁইছুঁই মেসিকে আটকানোর কোনো উপায় খুঁজে পাননি তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির অতিমানবীয় পারফরম্যান্স নিয়ে র্যাগনিক বলেন, “আজ রাতে মেসি যা করল, সত্যি বলতে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা পুরো সপ্তাহটা কাটিয়েছি শুধু ওকেই আটকানোর প্রস্তুতি নিয়ে। প্রতিটা ট্রেনিং সেশনে আমাদের একমাত্র ফোকাস ছিল—কীভাবে ওর জায়গা (স্পেস) কমিয়ে আনা যায়, কীভাবে ওর পাসিং লেনগুলো বন্ধ করা যায় এবং মাঝমাঠ ও রক্ষণভাগের মাঝের জায়গায় ওকে কীভাবে রুখে দেওয়া যায়। কিন্তু এত কিছুর পরও সে ঠিকই পথ খুঁজে নেয়।”
চলতি বিশ্বকাপে দুই ম্যাচে মেসির ৫ গোল করার অবিশ্বাস্য ফর্মের দিকে ইঙ্গিত করে অস্ট্রিয়ান বস আরও যোগ করেন, “কারো বয়স যদি ৩৯ বছর হয় এবং সে ম্যাচে ২ গোল করতে পারে, বিশ্বকাপের শুরুতে ৫টি গোল করে ফেলে—তবে সেটাই ম্যাচে মূল ব্যবধান গড়ে দেয়। মেসি আজ প্রমাণ করেছে যে ওই সেরা। এটাই লিওনেল মেসি; একটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য ওর খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না।”