জটিল সমীকরণের সামনে স্পেন-উরুগুয়ে, ঝুলছে নকআউট ভাগ্যও
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। একসময় নকআউটের পথে এগিয়ে থাকা উরুগুয়ে এখন কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। এমনকি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও বিদায় নেওয়ার শঙ্কাও তৈরি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করা উরুগুয়ে দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেও প্রত্যাশিত ফল না পাওয়ায় জটিল হয়ে গেছে তাদের সমীকরণ। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে নাটকীয় ড্রয়ের পর সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্পেন। এমনকি গ্রুপের শীর্ষস্থান দখলের দৌড়ে এগিয়ে স্প্যানিশরাই।
ফলে, এখন সবার চোখ শেষ রাউন্ডের দিকে। আগামী ২৭ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় স্পেন ও উরুগুয়ে মুখোমুখি হওয়ার পাশাপাশি একই সময়ে মাঠে নামবে কেপ ভার্দে-সৌদি আরবও।
সমীকরণ বলছে, উরুগুয়ে যদি স্পেনের কাছে হেরে যায়, তাহলে তাদের ভাগ্য চলে যাবে অন্য ম্যাচের হাতে। সেক্ষেত্রে কেপ ভার্দে জয় পেলে বা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারলে দক্ষিণ আমেরিকার দলটির বিদায়ঘণ্টা বেজে যেতে পারে।
তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। স্পেনও এখনও শতভাগ নিরাপদ নয়। উরুগুয়ের বিপক্ষে হার এবং অন্য ম্যাচের ফলাফল মিলিয়ে গ্রুপের অবস্থানে বড় পরিবর্তন আসতে পারে। ফলে ড্র নিয়েও হয়তো সন্তুষ্ট থাকবে না কোনো দলই।
সব হিসাব-নিকাশ মিলিয়ে গ্রুপ ‘এইচ’-এর শেষ দিনটি হতে যাচ্ছে সবচেয়ে নাটকীয়। স্পেন–উরুগুয়ে ও কেপ ভার্দে–সৌদি আরব; দুই ম্যাচই নির্ধারণ করবে কারা যাবে ‘রাউন্ড অব ৩২’-এ, আর কারা বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নেবে।