২১ জুন ২০২৬, ২২:৫০

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে অনন্য কীর্তি, গোল্ডেন বুটের দৌড়ে স্প্যানিশ ফরোয়ার্ড

স্পেন-সৌদি আরব ম্যাচ   © সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর ৩০ মিনিটে বল ছুঁতেই পারেননি, যার কারণে ফুটবলপ্রেমী ও সমালোচকদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালকে। কিন্তু আজ যেন সেই সমালোচনার জবাব দিতেই মাঠে নেমেছেন তিনি। প্রথম ‘হাইড্রেশন ব্রেক’-এর আগেই জোড়া গোল আর এক অ্যাসিস্ট করে সৌদি আরবকে একাই ধসিয়ে দেন এই তারকা।

জাতীয় দলের জার্সিতে ওয়ারজাবালের সাম্প্রতিক ফর্ম এখন স্রেফ অবিশ্বাস্য। স্পেনের হয়ে নিজের শেষ ১৩ ম্যাচে ১৪টি গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর ফুটবল বিশ্লেষকরা এখন মনে করছেন, এবারের বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে অন্যতম ডার্ক হর্স বা প্রচ্ছন্ন ফেবারিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

ম্যাচের ২৪ মিনিট পার হতেই স্পেনের জয় এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন সমর্থকরা। একটি ফুটবল লাইভ পোলে দেখা গেছে, ৯৬ শতাংশ দর্শকই এখন স্পেনের সহজ জয়ের পক্ষে ভোট দিয়েছেন। প্রথম ম্যাচের খরা কাটিয়ে ওয়ারজাবালের এমন রাজকীয় প্রত্যাবর্তন স্প্যানিশ সমর্থকদের শিরোপার স্বপ্নকে আরও বাড়িয়ে দিল।