সৌদি আরবকে গড়ে ৮ মিনিটে একটি করে গোল দিচ্ছে স্পেন
২০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ‘এইচ’ গ্রুপের এই ম্যাচ।
শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমতে থাকে। একপর্যায়ে ১০ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠায় স্পেন। এরপর ২১ এবং ২৪ মিনিটে আরও দুটি গোল করেন লামিনে ইয়ামালরা।
এই গোলের মাধ্যমে স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্র ইয়ামাল ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি পেলেকেও। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এত দিন ছিল শুধু পেলের।
১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। দীর্ঘ ৬৮ বছর পর সেই অনন্য তালিকায় নিজের নাম যোগ করলেন ইয়ামাল।
ইয়ামালের গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে স্পেন। বলের দখল, আক্রমণের গতি আর পাসিং ফুটবলে সৌদি আরবকে প্রায় অসহায় বানিয়ে ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় গোলটি আসে একটি কর্নার থেকে। বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে দানি ওলমো চমৎকার এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সামনে। সৌদি রক্ষণভাগ বল পরিষ্কার করতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন। আর একদম ফাঁকায় থাকা মিকেল ওয়ারসাবাল ঠান্ডা মাথায় ডান কোণ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে সেখানেই থামেনি স্পেন। কিছুক্ষণ পরই আসে তৃতীয় গোল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর হেড পেয়ে সামনে এগিয়ে যান ওয়ারসাবাল। সুযোগ পেয়ে এবারও ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড। নিখুঁত শটে বল জালে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।
ওয়ারসাবালের জোড়া গোল আর ইয়ামালের ইতিহাসগড়া মুহূর্তে ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে স্পেন।