২১ জুন ২০২৬, ২২:১৫

ইয়ামালের গোলে এগিয়ে গেল স্পেন

ইয়ামালের গোলে এগিয়ে গেল স্পেন  © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শুরুর একাদশে নামার সুযোগ পেয়েছিলেন স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। সেই সুযোগকে স্মরণীয় করে রাখতে তার সময় লাগল মাত্র ১০ মিনিট। সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত এক গোলে স্পেনকে এগিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পেলেন বার্সেলোনার এই তারকা।

মুহূর্তটিও ছিল একেবারে ইয়ামালসুলভ। আত্মবিশ্বাসী দৌড়, নিখুঁত নিয়ন্ত্রণ, তারপর ঠান্ডা মাথার সমাপ্তি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির, আর বিশ্বকাপ পেয়ে যায় তার নতুন এক নায়কের জন্মদৃশ্য।

যদিও চোটের কারণে প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। কিন্তু প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়েই দেখালেন কেন তাকে ঘিরে এত প্রত্যাশা। বিশ্বকাপের চাপ, কোটি মানুষের নজর—কিছুই যেন স্পর্শ করতে পারেনি এই কিশোর বিস্ময়কে।