২১ জুন ২০২৬, ১২:০১

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তিউনিসিয়ার 

জাপানের গোল উদযাপন  © সংগৃহীত

প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছে তিউনিসিয়া। এই হারে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিলো আফ্রিকার দেশটি। 

এদিন মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে জাপান। বল দখল ও আক্রমণে তিউনিসিয়ার তুলনায় অনেক বেশি প্রভাব বিস্তার করে সামুরাই ব্লুরা। দুই অর্ধে দুটি করে গোল করে ৪-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় তারা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় জাপান। বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের প্রথম গোলটি করেন দাইচি কামাদা। বাঁ দিক থেকে নাকামুরার বাড়ানো পাস জালে জড়িয়ে দলকে লিড এনে দেন তিনি।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি জাপান। একের পর এক আক্রমণে চাপে পড়ে তিউনিসিয়া। তবে বেশ কিছু সময় তারা প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন আয়াসে উয়েদা।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। যদিও তৃতীয় গোলের জন্য কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর শক্তিশালী শটে আসে দলের তৃতীয় গোল।

ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন উয়েদা। নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করার পরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। বাকি সময়ে কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে না পারায় ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

এই জয়ে ‘এফ’ গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে জাপান। সমান পয়েন্ট থাকলেও একটি গোল বেশি করায় গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। আর তৃতীয় স্থানে অবস্থান করছে সুইডেন।