অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে চার পরিবর্তনের ভাবনা স্কালোনির
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করা আর্জেন্টিনা এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে। দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়ার বিপক্ষে খেলানো শুরুর একাদশ অপরিবর্তিত রাখছেন না বলে জানা গেছে। একই সময়ে চোটের কারণে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় গনসালো মন্টিয়েলও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন।
আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর আর্জেন্টিনা এখন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুলের তথ্য অনুযায়ী, স্কালোনি অন্তত চারটি পরিবর্তন আনার কথা ভাবছেন।
সম্ভাব্য পরিবর্তনের মধ্যে অন্যতম হলো ডানপ্রান্তের ডিফেন্সে নাহুয়েল মোলিনাকে একাদশে ফেরানো। আলজেরিয়ার বিপক্ষে মন্টিয়েল শুরু করেছিলেন, তবে এবার তার জায়গায় মোলিনাকে দেখা যেতে পারে।
এ ছাড়া চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। তাকে একাদশে ফেরানো হবে কি না, তা নিয়ে ভাবছেন স্কালোনি। তাগলিয়াফিকো না খেললে আলজেরিয়ার বিপক্ষে শুরু করা ফাকুন্দো মেদিনাই আবার সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন: শেষ ম্যাচ জিতলেও নকআউটে যাওয়া হবে না দুই দলের, ব্যাখ্যা দিল ফিফা
মিডফিল্ড ও আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজের পরিবর্তে নিকোলাস গনসালেস এবং হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না গনসালো মন্টিয়েল। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরু করলেও ডান পায়ের কোয়াড্রিসেপসে হালকা টানের কারণে তাকে বিশ্রামে রাখা হচ্ছে।
ডি-স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্টিয়েলের চোট গুরুতর নয়। তবে ঝুঁকি এড়াতে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে তাকে মাঠে নামানো হবে না। সম্ভাব্য নকআউট পর্বের কথা মাথায় রেখে পরবর্তী ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হতে পারে, যাতে পুরোপুরি সুস্থ অবস্থায় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে পারেন তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে পরিবর্তন এবং মন্টিয়েলের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে স্কালোনির কৌশলগত এই পরিবর্তন কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: মুন্দো আলবিসেলেস্তে