২১ জুন ২০২৬, ০৬:০৯

ব্রাজিলকে হটিয়ে নতুন মাইলফলক নেদারল্যান্ডসের

নেদারল্যান্ডস দল   © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে নেদারল্যান্ডস। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ডাচদের দখলে।

টানা ১৪ ম্যাচে হার এড়িয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে নেদারল্যান্ডস। এর আগে ১৩ ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিল তারা। সর্বশেষ ম্যাচে অপরাজিত থেকে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষস্থান দখল করেছে কমলা বাহিনী।

বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছিল পেলের ব্রাজিল। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে টানা তিনটি বিশ্বকাপ আসরে এই রেকর্ড গড়ে সেলেসাওরা। প্রায় ছয় দশক ধরে অক্ষত থাকা সেই অর্জন অবশেষে নিজেদের করে নিল নেদারল্যান্ডস।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে নেদারল্যান্ডস সর্বশেষ পরাজয়ের মুখ দেখেছিল ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে। সেবার অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল ডাচদের।

এরপর ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিলেও নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে কোনো ম্যাচে হারেনি নেদারল্যান্ডস। দুটি আসরেই তাদের বিদায় ঘটেছে টাইব্রেকারে। ফিফার নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচ পরিসংখ্যানে ড্র হিসেবে গণ্য হয়; আনুষ্ঠানিকভাবে তা পরাজয় হিসেবে ধরা হয় না।

ফলে ২০১০ সালের ফাইনালের পর থেকে বিশ্বকাপের মঞ্চে এখনও অপরাজিত রয়েছে নেদারল্যান্ডস। আর সেই ধারাবাহিকতাই এবার তাদের এনে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড।