২১ জুন ২০২৬, ০৫:৫৯

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

জার্মানি দল   © সংগৃহীত

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল জার্মানি। তবে বিরতির পর কোচ জুলিয়ান নাগেলসম্যানের কৌশলী সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ জোড়া গোল করে জার্মানিকে এনে দেন দারুণ এক জয়। এতে আইভরি কোস্টকে ২-১ গোলে হারায় জার্মানি। এই জয়ে ১২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নাগেলসম্যানের দল।

‘ই’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে ৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। এখনও কোনো পয়েন্ট না পাওয়া ইকুয়েডর ও কুরাসাও রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

টরোন্টোর মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ১০ মিনিটে জোশুয়া কিমিচের নিখুঁত ক্রস থেকে সুযোগ পান কাই হাভার্টজ। তবে তাঁর জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

২২ মিনিটে আলেকসান্ডার পাভলোভিচের হেডে বল জালে জড়ালেও গোলের স্বীকৃতি পায়নি জার্মানি। কর্নার থেকে আসা বলে হেড করার সময় গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হওয়ায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি।

এরপর ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরি কোস্ট। আমাদ দিয়ালোর শট প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন জার্মান ডিফেন্ডাররা। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

এই গোলের মাধ্যমে আইভরি কোস্টের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল করার কীর্তি গড়েন ২৯ বছর ৬ মাস বয়সী কেসি। এই তালিকায় তাঁর ওপরে রয়েছেন কিংবদন্তি দিদিয়ের দ্রগবা, ৩২ বছর ৩ মাস বয়সে গোল করেছিলেন তিনি।

বিরতির আগে সমতায় ফেরার আরও একটি সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু ফ্লোরিয়ান ভির্টৎসের দুর্বল শট সহজেই ধরে ফেলেন ফোফানা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডেনিজ উনদাভ। আর মাত্র আট মিনিটের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ভলিতে গোল করে সমতা ফেরান এই ফরোয়ার্ড।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই শেষ মুহূর্তে জার্মান সমর্থকদের উল্লাসে ভাসান উনদাভ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালের দেখা পান তিনি।

উনদাভের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। এই জয়ের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গাও নিশ্চিত করে নেয় তারা।