আলভারেজকে ‘চুরি করে’ স্পেন দলে নিয়ে আসতে চান কোচ দে লা ফুয়েন্তে
আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। সুযোগ পেলে আলভারেজকে ‘চুরি’ করে স্পেন দলে নিয়ে আসতে চান বলেও মন্তব্য করেছেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে স্পেনের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন স্প্যানিশ কোচ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ গণমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তেকে জিজ্ঞেস করা হয়েছিল, আর্জেন্টিনা দল থেকে একজন খেলোয়াড়কে স্পেনে নেওয়ার সুযোগ পেলে কাকে বেছে নিতেন। উত্তরে তিনি হুলিয়ান আলভারেজের নাম বলেন।
স্পেন কোচ বলেন, ‘আমার খেলার পরিকল্পনার সঙ্গে সে একদম মানিয়ে যাবে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হতে পারত।’
আলভারেজের প্রতি নিজের মুগ্ধতা আরও স্পষ্ট করে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার কাছে সে অসাধারণ একজন খেলোয়াড়।’
দে লা ফুয়েন্তের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রে রয়েছেন আলভারেজ। দীর্ঘদিন ধরেই তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল। তবে সেই প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে আতলেতিকো মাদ্রিদ।
শুধু বার্সেলোনাই নয়, রিয়াল মাদ্রিদও আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। স্পেনের এই জায়ান্ট ক্লাব ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। কিন্তু আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থান থেকে একচুলও নড়েনি। ক্লাবটি এখনো আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর মুক্তিপণ ধারার ওপর অনড় রয়েছে। ফলে দুই ক্লাবের কোনো প্রচেষ্টাই সফল হয়নি।
স্পেন কোচের মতো আলভারেজের প্রশংসায় মেতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমোও। তিনি বলেন, ‘সে বিশ্বমানের একজন খেলোয়াড়, এটা সবাই জানে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা নাম্বার নাইন সে। শুধু তাই নয়, সে খুব ভালো মানুষও।’
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি সময় মাঠে না থাকলেও আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলভারেজ। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে দলের আক্রমণভাগে গতি এনেছিলেন তিনি।
একই সাক্ষাৎকারে বিশ্বকাপের সম্ভাব্য উদীয়মান তারকা সম্পর্কেও কথা বলেন দে লা ফুয়েন্তে। তার মতে, স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি এবারের বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার হতে পারেন।
তিনি বলেন, ‘এই বিশ্বকাপের বড় আবিষ্কার হতে পারে পেদ্রি।’
মাত্র ২৩ বছর বয়সেই স্পেনের মিডফিল্ডের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন পেদ্রি। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও তিনি শুরুর একাদশে ছিলেন এবং দলের মাঝমাঠ সামলেছেন।
বর্তমানে গ্রুপ ‘এইচ’-এ তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তবে চার দলের সবারই পয়েন্ট সমান এক হওয়ায় গ্রুপের হিসাব এখনো পুরোপুরি খোলা। ফলে সৌদি আরবের বিপক্ষে জয় তুলে নিতে পারলে শেষ ম্যাচের আগে কিছুটা স্বস্তির অবস্থানে যেতে পারবে দে লা ফুয়েন্তের দল।