২০ জুন ২০২৬, ১০:৫৯

ব্রাজিল–আর্জেন্টিনার মহাকাব্যিক সুপার-ক্লাসিকো দেখা যেতে পারে যেভাবে

নেইমার ও মেসি  © টিডিসি সম্পাদিত

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও ফুটবল বিশ্ব পেতে পারে এক মহাকাব্যিক লড়াই ব্রাজিল বনাম আর্জেন্টিনা সুপার-ক্লাসিকো। সমীকরণ অনুযায়ী, দুই দলই নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের বাধা পেরোতে পারলে সেমিফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল ব্রাজিল এবার ২৪ বছরের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেই শেষবার শিরোপা জিতেছিল সেলেসাওরা যা ছিল ২৪ বছরের অপেক্ষার অবসান।

বর্তমান আসরে ব্রাজিল ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ এর শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে জোড়া গোল করেন ম্যাথিউস কুনিয়া, আর ভিনিসিয়ুস জুনিয়রও একটি গোল করেন।

আরও পড়ুন: স্কটল্যান্ডের বিপক্ষেই মাঠে নামতে পারেন নেইমার: আনচেলত্তি

অন্যদিকে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত ১৮ জুন আলজেরিয়ার মুখোমুখি হয়ে মাঠে নেমেই ফুটবল দুনিয়াকে চমকে দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে মাঝমাঠ ও আক্রমণভাগে তৈরি হয় একের পর এক সুযোগ, যার চাপ সামলাতে ব্যস্ত থাকতে হয় আলজেরিয়ার রক্ষণভাগকে।

কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’) পর্তুগালের (গ্রুপ ‘কে’) সঙ্গে মুখোমুখি হতে পারে। রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে গেলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ফলে ফুটবলপ্রেমীরা পেতে পারেন বহু প্রতীক্ষিত এক সুপার-ক্লাসিকো বা মহারণ।

সকল সমীকরণ যদি মিলে যায় তাহলে এ হাই-ভোল্টেজ সেমিফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ১৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে।