ব্রাজিলের কাছে হারের পর বিশ্বকাপ থেকেই বিদায় হাইতির
ব্রাজিলের কাছে ৩–০ গোলে পরাজয়ের পর বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায়ঘণ্টা বাজল হাইতির। টানা দুই ম্যাচে হারে ‘সি’ গ্রুপের তলানিতে অবস্থানে এবারের টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো ক্যারিবীয় এই দলটি।
স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ১–০ গোলে হার দিয়েই বিশ্বমঞ্চে যাত্রা শুরু হয়েছিল তাদের। দুই ম্যাচ শেষে হাইতির পয়েন্ট শূন্যে দাঁড়িয়ে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কো এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট করে পেয়েছে, আর স্কটল্যান্ডের সংগ্রহে ৩ পয়েন্ট।
ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও স্কটল্যান্ডকে টপকে ওঠার আর কোনো পথ খোলা নেই হাইতির সামনে। কারণ, সমান পয়েন্ট হলে মুখোমুখি লড়াইকেই অগ্রাধিকার দেওয়া হবে, আর সেখানে আগেই পরাজিত হওয়ায় পিছিয়ে পড়েছে তারা।
৪৮ দলের বিস্তৃত বিশ্বকাপে শীর্ষ দুই দল এবং সেরা ৮টি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠলেও, দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় সেই আশাও নিভে গেছে হাইতির। ফলে, পাঁচ দশকেরও বেশি সময় পর বিশ্বমঞ্চে ফেরা এই দলটির যাত্রা তাই শেষ হলো অকালেই। শেষ ম্যাচে তাদের সামনে এখন কেবলই নিয়মরক্ষার লড়াই, তাদের প্রতিপক্ষ মরক্কো।