২০ জুন ২০২৬, ০৮:১৮

সৌদি আরব ম্যাচের আগে দুঃসংবাদ দিলেন ইয়ামাল

লামিনে ইয়ামাল  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেও প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে স্পেন। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লা রোজাদের। সেই ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামালের। তিনি বদলি হিসেবে মাঠে নামেন। আগামী ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও শুরু থেকেই তার খেলার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়।

শুক্রবার স্প্যানিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে স্পেনের তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া এখনও চলমান থাকায় পুরো ৯০ মিনিট খেলার জন্য তিনি প্রস্তুত নন। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, ‘এখনও অনেক তাড়াতাড়ি। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার দরকার নেই। পুরো ম্যাচ খেলার সময় এখনও আসেনি। তবে কোচ যত মিনিট খেলাতে চান, আমি তত মিনিট খেলতে প্রস্তুত।’

লুইস দে লা ফুয়েন্তের দল বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত গোলশূন্য ড্র করে। ফলে রবিবার (২০ জুন) সৌদি আরবের বিপক্ষে ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে স্পেন।

গত সোমবার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে চোটের পর প্রথমবারের মতো খেলেন বার্সেলোনার এই উইঙ্গার। এপ্রিলের মাঝামাঝি সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বৃহস্পতিবার রেডিও কোপেকে জানান, আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে ইয়ামাল প্রায় ‘এক ঘণ্টা’ খেলার মতো অবস্থায় আছেন।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠে নেমেও সতীর্থদের জয়ে অনুপ্রাণিত করতে পারেননি ইয়ামাল। তবে তার বার্সেলোনা সতীর্থ পাও কুবারসি বিশ্বাস করেন, বিশ্বকাপের বাকি সময়টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ তারকা। কুবারসি বলেন, ‘লামিনের সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। সে খেলুক বা না খেলুক, দলকে সর্বোচ্চ সহায়তা করবে। তবে আমার বিশ্বাস, তার জায়গায় যে-ই খেলুক, সেও সমান ভালো করবে।’

প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছিল। তবে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর থেকে দলটি আর কখনও শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি।