২০ জুন ২০২৬, ০৭:৩১

হাইতির বিপক্ষে প্রথমার্ধে গোল উৎসবে ব্রাজিল

ব্রাজিল দল   © সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্রয়ের পর ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে ব্রাজিল। প্রথমার্ধ শেষে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচে একতরফা আধিপত্য প্রতিষ্ঠা করেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে জোড়া গোল করেছেন ম্যাথিউস কুনহা, আর একটি গোল এসেছে ভিনির কাছ থেকে। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

ম্যাচের ১২তম মিনিটে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। তবে গোলের পরপরই সাইডলাইনে থাকা সহকারী রেফারি অফসাইডের সংকেত দেন। এতে বাতিল হয়ে যায় গোলটি।

২২তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি রাফিনহা। অবশ্য বল জালে জড়ালেও গোল হতো না, কারণ এবারও  অফসাইডে ছিলেন।

তবে পরের মিনিটে গোল পেয়ে যায় ব্রাজিল। হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের আক্রমণ থেকে বল বক্সের ভেতরে পৌঁছানোর পর হাইতির ডিফেন্ডাররা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেন। সেই সুযোগে বলের নাগাল পান ম্যাথিউস কুনহা। তার নেওয়া শট হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে। পরে বলটি আবার কুনহার শরীরে লেগে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়।

পরে ম্যাচের ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জোড়া গোল পূর্ণ করলেন ম্যাথিউস কুনহা। দারুণ এক আক্রমণ থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

গোলের সূচনা করেন ভিনিসিয়ুস, বাঁ-দিক থেকে চমৎকারভাবে বল বাড়িয়ে দেন কুনহার কাছে। সময় নিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার পর বাঁ পায়ের জোরালো শটে বলটি পাঠান গোলের বাঁ-দিকের উপরের কোণে।

প্রথমার্ধের ইনজুরি টাইমে তৃতীয় গোল করে ব্রাজিল। গোলের সূচনা করেন লুকাস পাকেতা, দারুণ এক চিপ পাসে হাইতির ডিফেন্স লাইনের ওপরে বল ভাসিয়ে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্থের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এগিয়ে যান ভিনিসিয়ুস।

গোলরক্ষক জনি প্লাসিড সামনে এগিয়ে এসে কোণ ছোট করার চেষ্টা করলেও, ঠান্ডা মাথায় চিপ শটে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠান ভিনিসিয়ুস। এতে ৩–০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।