১৮ জুন ২০২৬, ২৩:৪৫

সুযোগ পেয়েও ব্যর্থ সাউথ আফ্রিকা, লিড নিয়ে বিরতিতে চেক রিপাবলিক

সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক ম্যাচ  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে চেক রিপাবলিক। ম্যাচের ষষ্ঠ মিনিটেই মিখেল সাদিলেকের গোলে এগিয়ে যায় তারা, যেখানে অ্যাসিস্ট দেন আলেকজান্ডার সোখা। প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত এই এক গোলেই ১-০ ব্যবধানে লিড ধরে রাখে চেকরা।

শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে সাউথ আফ্রিকাও। ম্যাচের ১২ ও ১৩তম মিনিটে অব্রে মোদিবা এবং অজউইন অ্যাপোলিস পরপর দুটি সুযোগ তৈরি করলেও চেক ডিফেন্স ভাঙতে পারেননি তারা।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ৩৩ মিনিটে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপর আরেক মিডফিল্ডার থালেন্তে এমবাথা রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সতর্কবার্তা পান।

প্রথম দিকে গোল পাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে চেক রিপাবলিক। অন্যদিকে সাউথ আফ্রিকা আক্রমণে সক্রিয় থাকলেও কার্যকর ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। 

তেবোহো মোকোয়েনা ও অজউইন অ্যাপোলিসের নেতৃত্বে একাধিক আক্রমণ হলেও শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় চেকরা।