নিজের ভবিষ্যদ্বাণী নিজেই বাস্তব রূপ দেন মেসি
ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা জল্পনা-কল্পনাই থাকে। তবে কোনো খেলোয়াড়ের করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেলে সেটি বিশেষ আলোচনার জন্ম দেয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি নিজেই।
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের কথা বলেছিলেন মেসি। পরে মাঠে নেমে সেই ভবিষ্যদ্বাণী শুধু সত্যিই হয়নি, তিনটি গোলই তার পা থেকে এসেছে।
ক্যানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দুর্দান্ত হ্যাটট্রিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন মেসি।
এটি বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক। একইসঙ্গে স্পর্শ করেছেন একাধিক মাইলফলকও। এদিন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসির জন্য ম্যাচটি আরও বিশেষ ছিল। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করে এই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ায় ১২০-এ।
ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো জানান, ম্যাচের আগেই ৩-০ ব্যবধানে জয়ের কথা বলেছিলেন মেসি। শেষ পর্যন্ত অধিনায়ক নিজেই হ্যাটট্রিক করে সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দেন।
হাসতে হাসতে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ, ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’