১৮ জুন ২০২৬, ১৬:৩৪

বিশ্বকাপে টিকে থাকার সমীকরণ, মুখোমুখি দুই হতাশ দল

ফুটবল বিশ্বকাপ ট্রফি  © সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৮ জুন); যেখানে যুক্তরাষ্ট্রের আটলান্টায় গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে মুখোমুখি হবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও জয় পায়নি চেকিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও হতাশাজনক শুরু করেছে। মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে বিশৃঙ্খল এক ম্যাচে ৯ জনের দলে পরিণত হয়ে ২-০ গোলে পরাজিত হয় তারা।

চাপে থাকা চেকিয়ার সামনে জয়ের বিকল্প নেই
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি গোল করলেও চেকিয়ার সেট-পিসনির্ভর কৌশল সফল হয়নি। বল দখলে দক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা শেষ পর্যন্ত হার মেনে নেয়।

গ্রুপের শীর্ষে থাকা মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচ অপেক্ষা করছে চেকিয়ার জন্য। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে তারা নকআউটে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে।

এ নিয়ে চেক ডিফেন্ডার ইয়ারোস্লাভ জেলেনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ভুলের সুযোগ নেই। মেক্সিকোর ম্যাচ আরও কঠিন হবে। তাই এই ম্যাচে সর্বস্ব দিয়ে খেলতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে।’

একসময় ইউরোপের অন্যতম শক্তিশালী দল ছিল চেকোস্লোভাকিয়া, ১৯৩৪ ও ১৯৬২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল তারা। তবে স্বাধীন চেকিয়া হিসেবে বিশ্বকাপে তাদের সাফল্য সীমিত। মাত্র চারবার মূল পর্বে খেলেছে দলটি। এর মধ্যে কেবল একবারই নকআউট পর্বে উঠতে পেরেছে। ২০ বছর পর বিশ্বকাপে ফিরে আসা চেকিয়াকে তাই স্বপ্ন বাঁচিয়ে রাখতে আরও উন্নত পারফরম্যান্স দেখাতেই হবে।

সমালোচনার জবাব দিতে চায় দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়ে ২০১০ সালের স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার ফল হয়েছে ভিন্ন। শক্তিশালী প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে তাদের।

তবে শুধু হার নয়, দলের পারফরম্যান্সও হতাশ করেছে সমর্থকদের। দুটি লাল কার্ড, দুটি গোল হজম এবং নিষ্প্রভ ফুটবলের কারণে সমালোচনার মুখে পড়েছেন খেলোয়াড় ও কোচ হুগো ব্রুস। যদিও মরক্কো, কেপ ভার্দে, মিসর ও আইভরি কোস্টের ভালো পারফরম্যান্সের পর আফ্রিকার প্রতিনিধিত্বকারী দল হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপরও চাপ বেড়েছে।

এ নিয়ে উইঙ্গার থাপেলো মাসেকো বলেছেন, ‘জিতলে সবাই খুশি থাকে, হারলেই সবাই আপনাকে সবচেয়ে খারাপ বলে। এটাই বাস্তবতা। কিন্তু আমাদের দলে হৃদয় দিয়ে লড়াই করা খেলোয়াড় আছে। যারা আমাদের নিয়ে সন্দেহ করছে, তাদের আবার ভাবতে হবে।’

পরিসংখ্যানে এগিয়ে চেকিয়া
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার চেকিয়াকে এই ম্যাচে এগিয়ে রেখেছে। চেকিয়ার জয়ের সম্ভাবনা ৫৪ দশমিক ৯ শতাংশ, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৮ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৩ শতাংশ।

সাম্প্রতিক ফর্ম
চেকিয়া: হার, জয়, জয়, জয়, জয়
দক্ষিণ আফ্রিকা: হার, ড্র, ড্র, হার, ড্র

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দলই হারলেও সামগ্রিকভাবে সাম্প্রতিক সময়ে চেকিয়ার পারফরম্যান্স অনেক ভালো।
দক্ষিণ কোরিয়ার কাছে হারের আগে তারা প্রীতি ম্যাচে কসোভো ও গুয়াতিমালাকে হারিয়েছিল। এ ছাড়া ইউরোপিয়ান বাছাইপর্বের প্লে-অফে ডেনমার্ক ও আয়ারল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ নিশ্চিত করে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন। বিশ্বকাপের আগে নিকারাগুয়া ও জ্যামাইকার সঙ্গে ড্র এবং পানামার কাছে হারও তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে।

মুখোমুখি পরিসংখ্যান
চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার এটি হবে মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৯৭ সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপে দুই দল ২-২ গোলে ড্র করেছিল।

ইনজুরি
চেকিয়া শিবিরে কোনো ইনজুরি সমস্যা নেই। তবে দক্ষিণ আফ্রিকা বড় ধাক্কা খেয়েছে। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় মিডফিল্ডার স্পেফেহলো সিথোলে ও থেম্বা জোয়ানে এই ম্যাচে খেলতে পারবেন না।

সম্ভাব্য একাদশ
চেকিয়া (৩-৪-২-১):
কোভার; চালোপেক, হ্রানাচ, ক্রেইচি; কৌফাল, সউচেক, সইকা, জেলেনি; প্রোভোদ, সুলচ; শিক।

দক্ষিণ আফ্রিকা (৫-৩-২):
উইলিয়ামস; মুদাউ, সিবিসি, ওকন, এমবোকাজি, মোদিবা; মোকোয়েনা, এমবাথা, অ্যাডামস; রেইনার্স, ফস্টার।