১৮ জুন ২০২৬, ০৯:৩৩

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’

মেসি ও ব্রাজিলের প্রেসিডেন্ট  © টিডিসি ফটো

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর এক সংবাদ সম্মেলনে এই রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিওনেল মেসি দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আবারও পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। এই ঘটনার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা একটি রসিকতা করেন এবং আর্জেন্টাইন এই তারকার প্রতি তাঁর গভীর মুগ্ধতার কথা জানান।

জেনেভায় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, 'আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথা ভাবছিলাম।'

একই সময়ে সাংবাদিকরা ২০২৬ বিশ্বকাপের 'সি' গ্রুপে মরক্কোর সাথে ব্রাজিলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে লুলা শুধু বলেন, 'কেপ ভার্দের সাথে স্পেনের ড্র করার বিষয়টি আরও খারাপ ছিল।'

এদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে আবারও নিজের চেনা রূপে উজ্জ্বল হয়ে উঠেছেন এবং ফুটবল ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছেন। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। তিনি এই অনন্য রেকর্ডটি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়ার সাথে ভাগ করে নিয়েছেন। একই সাথে আলজেরিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ১৬টি গোল করার গৌরব অর্জন করলেন এবং জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করলেন।

আগামী সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের 'জে' গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সংবাদসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস