১৮ জুন ২০২৬, ০৫:২৩

ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব্রুনো

ব্রুনো ফার্নান্দেজ   © সংগৃহীত

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ ক্লাব মৌসুমে ক্যারিয়ারেরসেরা সময় পার করে জাতীয় দলের জার্সিতে এসে যেন পুরোপুরি খেই হারিয়ে ফেলেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিটে পর্তুগালের হয়ে একটিও গোল করার সুযোগ তৈরি করতে পারেননি তিনি। ম্যাচের যোগ করা সময়ে, অর্থাৎ ৯২তম মিনিটে গিয়ে তিনি ম্যাচে নিজের প্রথম সুযোগটি তৈরি করতে সক্ষম হন, যা তার চেনা ছন্দের তুলনায় বড্ড বেমানান।

অথচ ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সদ্যই একটি স্বপ্নের মৌসুম শেষ করেছেন ব্রুনো। ২০২৫-২৬ মৌসুমে ইপিএলে ৩৭টি ম্যাচে মাঠে নেমে সরাসরি ২৮টি গোলে অবদান রেখে তিনি জিতে নিয়েছেন মর্যাদাপূর্ণ 'ইএ স্পোর্টস প্লেয়ার অব দ্য সিজন'-এর পুরস্কার। এই মৌসুমে তিনি ৮টি গোল করার পাশাপাশি যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ ২০টি অ্যাসিস্ট করেছেন। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থরা যদি ব্রুনোর বানিয়ে দেওয়া সহজ সুযোগগুলো নষ্ট না করতেন, তবে তার অ্যাসিস্টের সংখ্যা অনায়াসেই ৩০ পার হয়ে যেতে পারত।

ক্লাব ফুটবলে প্রতিপক্ষের রক্ষণভাগ একাই গুঁড়িয়ে দেওয়া এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে এসে কেন এমন রক্ষণাত্মক ও নিষ্ক্রিয় হয়ে পড়লেন, তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট তাঁর এই নীরবতা এবং একদম শেষ মুহূর্তে গিয়ে মাত্র একটি সুযোগ তৈরি করতে পারা পর্তুগালের পয়েন্ট হারানোর অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।