রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগালের ড্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্সের পর এবার পর্তুগিজ মহাতারকাকে ধুয়ে দিলেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। ফক্স স্টুডিওতে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক এই তারকা স্ট্রাইকার স্পষ্ট জানিয়েছেন, রোনালদোর অতিরিক্ত গোলক্ষুধা এবং মরিয়া ভাবই পর্তুগালের নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটের কথা উল্লেখ করে অঁরি বলেন, ফ্রান্সিসকো কনসেইসাওয়ের একটি চমৎকার কাট-ব্যাক থেকে ব্রুনো ফার্নান্দেজের সামনে গোল করার একদম পরিষ্কার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে থাকা রোনালদো নিজেই সেই বলের লাইনে চলে আসেন, যা ব্রুনোর সুযোগটি নষ্ট করে দেয়।
রোনালদোর এই স্বার্থপর মানসিকতার সমালোচনা করে অঁরি বলেন, পর্তুগাল দলের গোল দরকার ছিল, আপনার নিজের ব্যক্তিগত গোলের কোনো প্রয়োজন ছিল না। সে (রোনালদো) নিজে গোল করতে চেয়েছিল বলেই ব্রুনো ফার্নান্দেজের বলের লাইনে গিয়ে বাধা তৈরি করেছে। সে যদি ব্রুনোর পথে না গিয়ে গোলপোস্টের ৬ গজ বক্সের দিকে চলে যেত, তবে ব্রুনো ফার্নান্দেজ খুব সহজেই আলতো টোকায় (ট্যাপ-ইন) গোলটি পেয়ে যেত। আমার মূল আপত্তিটা এখানেই। দলের গোল পাওয়াটা জরুরি ছিল, আপনার একার নয়।"
অঁরির এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ৪১ বছর বয়সী এই স্ট্রাইকারের ব্যক্তিগত রেকর্ডের পেছনে ছোটার মানসিকতা এখন পর্তুগাল দলের সামগ্রিক পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।