১৮ জুন ২০২৬, ০২:৩৩

মেসির রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি নতুন ইতিহাস রোনালদোর

রোনালদো   © সংগৃহীত

বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার নতুন অধ্যায় যোগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এবার বিশ্বকাপের মঞ্চে আরও একটি অনন্য রেকর্ডের মালিক হলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন তিনি।

এর ফলে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বিশ্বরেকর্ডে ভাগ বসান রোনালদো। বাংলাদেশ সময় একই দিনে নিজের ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নেমে রেকর্ডটি স্পর্শ করেছিলেন মেসি। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই তালিকায় নাম লেখান তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোও।

তবে শুধু এখানেই থেমে থাকেননি পর্তুগিজ অধিনায়ক। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪১ বছর ১৩২ দিন। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল কানাডার সাবেক মিডফিল্ডার আতিবা হাচিনসনের দখলে। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। প্রায় দেড় বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোনালদো।