১৭ জুন ২০২৬, ১৭:২০

মাঠের পাশেই বসলেন মেসি, বিনয়ী আচরণে আবারও মুগ্ধ ফুটবল বিশ্ব

মাঠের পাশেই বসেন মেসি  © সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আবারও নিজের বিনয়ী আচরণের মাধ্যমে ভক্ত-সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বেঞ্চে ফেরার পর দেখেন, সেখানে আর কোনো খালি আসন নেই। সে সময়ে দলের কয়েকজন সদস্য মেসির জন্য নিজেদের আসন ছেড়ে দেওয়ারও প্রস্তাব দেন, তবে তা প্রত্যাখ্যান করেন ইন্টার মায়ামি সুপারস্টার।

এমন পরিস্থিতিতে মাঠের পাশেই মাটিতে বসে পড়েন মেসি। সেখান থেকেই ম্যাচের শেষ বাঁশি বাজার পর্যন্ত সতীর্থদের খেলা উপভোগ করেন। তার এই সাধারণ ও নম্র আচরণের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবলারদের একজন হওয়া সত্ত্বেও কখনোই নিজেকে দলের অন্য সদস্যদের চেয়ে আলাদা মনে করেন না মেসি। বরং সবসময় নিজের আচরণের মাধ্যমে সতীর্থদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দলীয় ঐক্যের বার্তা দেন আর্জেন্টাইন এই মহাতারকা।

আবার অনেকের মতে, এই গুণই তাকে শুধু একজন কিংবদন্তি ফুটবলার নয়, একজন আদর্শ অধিনায়ক হিসেবেও আলাদা মর্যাদা দিয়েছে। ফুটবল বিশ্বে অসংখ্য ট্রফি ও ব্যক্তিগত অর্জনের মালিক হলেও, মেসির বিনয়ী ব্যক্তিত্বই তাকে ভক্তদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।

এদিকে গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ম্যাচের নায়ক মেসিই। তিনটি গোলই এসেছে তার পা থেকে, আর সেই হ্যাটট্রিকেই নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের দারুণ সূচনা।

তবে শুধু হ্যাটট্রিকের গল্প নয়, এটি রেকর্ড ছোঁয়ার গল্পও। এই তিন গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা ১৬-তে দাঁড়াল। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মেসি।

অন্যদিকে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ এটি। পুরুষদের ফুটবলের ইতিহাসে যা এক অনন্য কীর্তি। আর ৩৮ বছর বয়সেও যেভাবে তিনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তা যেন ফুটবলের প্রচলিত সব ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।