জ্লাতানের চোখে ‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে’
ক্যানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে লিওনেল মেসি যখন বিশ্বকাপের ইতিহাস ওলটপালট করেছেন, তখন মাঠের বাইরেও তাকে নিয়ে চলেছে তুমুল আলোচনা। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের বিশেষ স্টুডিওতে মেসির এই অবিশ্বাস্য কীর্তি এবং রেকর্ড ভাঙার মহোৎসব নিয়ে কথা বলতে গিয়ে নিজের স্বভাবসুলভ ও দার্শনিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
মেসির হ্যাটট্রিক ও বর্তমান ফর্ম নিয়ে জ্লাতান বলেন, “সে (মেসি) যদি এই বিশ্বকাপটাও জেতে, তবে সেটা হবে তার শোকেসের সাধারণ আরেকটি ট্রফি মাত্র। সে এই ট্রফিটা জিতল কি জিতল না, তাতে এখন আর বিন্দুমাত্র কিছু আসে যায় না। ও এখন ফুটবলেরও ঊর্ধ্বে চলে গেছে।”
জ্লাতানের এমন মন্তব্য যখন স্টুডিওর বাতাস ভারী করে তুলছিল, তখন পাশে বসে থাকা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলেন। জ্লাতানের এই গভীর ও অকপট সত্যটি শোনার পর অঁরি নিজের চিরচেনা মুচকি হাসি মুখে মেখে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের ফাঁকা টেবিলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়েছিলেন। অঁরির সেই নীরব অভিব্যক্তিই যেন বুঝিয়ে দিচ্ছিল, ক্যানসাসের এই রাতের পর মেসিকে নিয়ে নতুন করে বলার মতো বিশেষণ সত্যিই আর বাকি নেই কোনো ফুটবল পণ্ডিতের।