১৭ জুন ২০২৬, ১২:০৩

ডাগআউটে কাঁদলেন আর্জেন্টিনার কোচ স্কালোনিও, নেপথ্যে কী

লিওনেল স্কালোনি   © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের রাতে শুধু মেসি একা কাঁদেননি। তাঁর প্রিয় গুরু এবং দলের কোচ লিওনেল স্কালোনিও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের ডাগআউটে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

খেলার ৭৮ মিনিটে যখন হ্যাটট্রিক করা মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, তখন তাঁর জায়গায় মাঠে আসেন নিকো পাজ। ঠিক সেই মুহূর্তে ডাগআউটে স্কালোনিকে দেখা যায় চোখ ভেজা অবস্থায়। মেসি মাঠ থেকে নেমে আসার সাথে সাথেই কোচ তাঁকে শক্ত করে জড়িয়ে ধরেন। যদিও মাঠের ক্যামেরায় এই দৃশ্যটি ধরা পড়েছিল, তবে অফিসিয়াল সম্প্রচারে দর্শকদের এটি দেখানো হয়নি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি মেসির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে তাকে অনেক ভালোবাসি। কারণ এর বাইরে আর কী বলব বুঝতে পারছি না। সে যে গোলগুলো করে তার বাইরেও দলের জন্য সে যা নিয়ে আসে সেটা অসাধারণ। যেদিন সে থাকবে না সেদিন তাকে অনেক মিস করব। এখন যতদিন আছে উপভোগ করো, কারণ এটাই সবচেয়ে জরুরি।’

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। স্কালোনি এর আগেও অনেকবার প্রকাশ্যে কেঁদেছেন। ফ্লো চ্যানেলে প্রকাশিত ‘দ্য স্কালোনি মেথড’ নামক তথ্যচিত্রেও তাঁর এমন গভীর আবেগের প্রমাণ পাওয়া গেছে।

তবে এই বিশেষ রাতে শুধু স্কালোনিই কাঁদেননি, মেসি নিজেও প্রথমার্ধে নিজের প্রথম গোলের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি নিজের সেই কান্নার পেছনের আসল কারণটি প্রকাশ করেন। মাঠের বাইরের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে মেসি বলেন, ‘খেলাধুলার সঙ্গে এর কোনো যোগ নেই। কিছু কঠিন দিন পার করেছি। তবে পুরো দলের প্রতি ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় পাশে থেকে শক্তি জুগিয়েছে।’

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা দলের এই গুরু ও শিষ্যের মধ্যকার বন্ধন যে কতটা গভীর, মঙ্গলবার রাতে কানসাস সিটি ফুটবল বিশ্বকে আরও একবার সেটাই দেখাল।