১৬ জুন ২০২৬, ২১:১৭

ম্যাচের আগে নিউইয়র্কে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনা- আলজেরিয়া সমর্থকরা 

সংঘর্ষে লিপ্ত সমর্থকরা  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের চলতি আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে ভয়াবহ সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় শহরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল কিল-ঘুষি, লাথি এবং মারামারি শুরু হয়।

বিশ্বকাপের আমেজে আনন্দ উদযাপনের জন্য সেখানে জড়ো হওয়া হাজারো মানুষের মাঝে হঠাৎ এই মারামারি শুরু হলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ পর্যটকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ (NYPD)। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) জনপ্রিয় অ্যাকাউন্ট ‘ফুটবল অ্যাওয়ে ডেইজ’-এ এই সংঘর্ষের একটি ভিডিও পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবারের বিশ্বকাপের প্রথম বড় ধরনের ফ্যান-ভায়োলেন্স বা সমর্থক সহিংসতার ঘটনা হিসেবে ভিডিওটি এখন বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ (পতাকা উড়িয়ে বিশাল গণজমায়েত) করার জন্য টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন। ফলে পুরো এলাকা নীল-সাদা পতাকায় ছেয়ে যায়। একই সময়ে সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় আলজেরিয়ার সমর্থকরাও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে ফ্রান্স এবং সেনেগালের কিছু সমর্থকও যোগ দেন। একপর্যায়ে উৎসবমুখর এই পরিবেশ রূপ নেয় চরম উত্তেজনায়।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য পারিসিয়ান’-এর বরাত দিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবাই’ জানিয়েছে, দুই দেশের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আপত্তিকর স্লোগান দিতে শুরু করলে মৌখিক এই বাগবিতণ্ডা দ্রুতই শারীরিক সংঘর্ষে রূপ নেয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ এই দৃশ্যকে একটি ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করেছে এবং এটিকে ‘বিশ্বকাপের প্রথম কুৎসিত ছবি’ বলে মন্তব্য করেছে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য ফিগারো’ জানায়, সংঘর্ষ থামাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করে। তবে নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ততম স্থানে এই প্রকাশ্য মারামারির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে বা কতজন আহত হয়েছেন, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। নিউইয়র্ক পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এই ঘটনার পর তাদের শিরোনামে লিখেছে, ‘ফিফার জন্য কী এক লজ্জাজনক বিষয়!’

এর আগে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছিল, টাইমস স্কয়ারে ফ্রান্স, আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার স্লোগান দিচ্ছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিক ফ্যান-জোনের ব্যবস্থা না থাকায় এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী বা সমর্থকদের আলাদা করার কোনো গাইডলাইন না থাকায়, ঘনবসতিপূর্ণ এই এলাকায় দুই পক্ষের মেলবন্ধন শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। তা ছাড়া, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমর্থকদের আবেগ ও মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার পূর্বদেশীয় সময় (ET) রাত ৯টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ জে-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। টাইমস স্কয়ারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন সবার নজর কর্তৃপক্ষ কীভাবে কানসাস সিটির ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করে এবং নিউইয়র্ক অঞ্চলের পরবর্তী ম্যাচগুলোতে দুই দেশের সমর্থকদের সামাল দেয় তার ওপর।