১৬ জুন ২০২৬, ১১:৫৬

নতুন মেডিকেল টেস্টে বড় ধাক্কা, পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাবেন নেইমার?

নেইমার   © সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে তিনি বর্তমানে ব্রাজিল দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। তাঁর ডান পায়ের কাফে ‘গ্রেড টু’ মানের চোট রয়েছে। এই চোটের বর্তমান অবস্থা জানার জন্য গত সোমবার তাঁর নতুন কিছু মেডিকেল পরীক্ষা করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সকালে মেডিকেল পরীক্ষা করানোর পর সান্তোসের এই ফরোয়ার্ড জিমনেশিয়ামে গিয়ে নিজের পুনর্বাসনের কাজ করেন। তবে তিনি এখনো দলের মূল অনুশীলন পর্বেও ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগের (ব্রাসিলেইরাও) এক ম্যাচে নেইমার এই চোট পান। এর ঠিক পরদিনই কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। চোট থাকার পরও আনচেলত্তি নেইমারকে দলে রাখেন। কোচ আশা করেছিলেন, টুর্নামেন্ট চলাকালীন নেইমার সুস্থ হয়ে উঠবেন।

কিন্তু এরপর থেকে বার্সেলোনা ও পিএসজির এই প্রাক্তন তারকা মাঠের খেলায় এক মিনিটও নামতে পারেননি। এমনকি তিনি আনচেলত্তির অধীনে দলের কোনো সম্মিলিত অনুশীলন পর্বেও অংশ নেননি। নেইমার বিশ্বকাপের আগের দুটি প্রস্তুতি ম্যাচও মিস করেছেন। তিনি পানামা ও মিশরের বিপক্ষে খেলতে পারেননি। এরপর মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তিনি সাইডবেঞ্চে বসে ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মরক্কো ম্যাচের আগে কোচ আনচেলত্তি আশা প্রকাশ করেছিলেন যে, 'নেইমার এই সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন।' কিন্তু সোমবারের অনুশীলনেও নেইমার অনুপস্থিত ছিলেন। এর ফলে আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা অনেক কমে গেছে।

৩৪ বছর বয়সী নেইমার আসলে দীর্ঘদিন ধরে একের পর এক চোটে ভুগছেন। তিনি ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। সেই ম্যাচে তাঁর বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল। ব্রাজিল দল ও কোচ আনচেলত্তি এখনো ভালো খবরের অপেক্ষায় আছেন। তবে সেলেসাওদের মনে এখন একটাই বড় প্রশ্ন—নেইমার আসলে কবে নাগাদ আবার অফিশিয়াল ম্যাচে মাঠে নামতে পারবেন?