ব্রাজিল-স্পেনের হোঁচটে সতর্ক আর্জেন্টিনা
বিশ্বকাপে নামের জোরে কিছুই নিশ্চিত নয়, ২০২৬ আসরের প্রথম কয়েকটি ম্যাচই যেন সেই বার্তা দিচ্ছে। মরক্কোর বিপক্ষে ড্র করে শুরু করেছে ব্রাজিল, আর কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে না পেরে গোলশূন্য সমতায় সন্তুষ্ট থাকতে হয় ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে।
ফুটবলের দুই পরাশক্তির এমন অপ্রত্যাশিত পয়েন্ট খোয়ানো নজর এড়ায়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তাই কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরুর আগে সতর্ক অবস্থান নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই একটি দল। তাদের দারুণ সব খেলোয়াড় এবং একজন ভালো কোচ রয়েছে। ব্রাজিল-মরক্কো ম্যাচটি এর একটি ভালো উদাহরণ। আমরা এরই মধ্যে স্পেনের খেলাও দেখেছি; এই টুর্নামেন্টে আসলে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আলজেরিয়া আমাদের চিন্তার কারণ, কারণ তারা একটি দুর্দান্ত দল।’
কাতার বিশ্বকাপের সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে, প্রথম ম্যাচটিই চূড়ান্ত কিছু নয়। আমরা শান্ত আছি এবং ভালো ফর্ম নিয়েই মাঠে নামছি।’
এদিকে শুরুর একাদশ নিয়ে কিছুটা রহস্যই রেখেছেন কোচ। তার ভাষ্যমতে, ‘দল সাজাতে আমার কখনোই সমস্যা হয়নি, শুধু দুর্দান্ত খেলোয়াড়দের বাদ দেওয়ার ব্যাপারটা কষ্টদায়ক।’