১৬ জুন ২০২৬, ০২:৩৮

‘৩০ ম্যাচ অপরাজিত দলের চিন্তার কিছু নেই’, হতাশার ড্রয়ের পর স্পেন কোচ

স্পেন-কেপ ভার্দে ম্যাচ   © সংগৃহীত

বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও স্পেন শিবিরে উদ্বেগের কোনো ছাপ নেই। দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য এবং টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পেনকে নিজেদের সামর্থ্যের প্রতি পূর্ণ আস্থা রাখার যথেষ্ট কারণ দিচ্ছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও হতাশা বা উদ্বেগের কোনো ইঙ্গিত দেননি স্প্যানিশ কোচ।

তার ভাষ্যমতে, “৩০টির বেশি ম্যাচে অপরাজিত থাকা একটি দলের কোনো সন্দেহে ভোগার কারণ নেই। সমাধান হলো একই পথে এগিয়ে যাওয়া এবং আরও নিখুঁত হওয়ার চেষ্টা করা। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু এ ধরনের ম্যাচে যে সতেজতা দরকার, সেটার কিছুটা ঘাটতি ছিল।”

একইসঙ্গে অবশ্য প্রতিপক্ষের প্রশংসা করতেও ভোলেননি স্পেন কোচ। তিনি বলেন, “ওরা দারুণভাবে সংগঠিত ছিল। পুরো দল মিলে নিচে নেমে রক্ষণ সামলেছে। ফলে জায়গা তৈরি করা খুব কঠিন হয়ে পড়েছিল।”

নিজেদের খেলায় ধার না থাকার বিষয়টি স্বীকার করে দে লা ফুয়েন্তে মনে করেন, “আমাদের চলাফেরা ও সতেজতার অভাব ছিল। কিন্তু কিছু দিন এমন যায়, যখন বল কোনোভাবেই জালে যেতে চায় না। আমরা শট নিয়েছি, সুযোগ তৈরি করেছি এবং দ্রুত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেয়েছি। আমরা জানি, এখানে জেতা খুব কঠিন।”