১৫ জুন ২০২৬, ০৫:১০

৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও কেড়ে নিল জার্মানি

জার্মানি দল   © সংগৃহীত

সবশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা বয়ে বেড়াচ্ছিল জার্মানি। তবে এবারের বিশ্বকাপ মিশনের শুরুতেই সেই হতাশাকে পেছনে ফেলে দারুণ এক বার্তা দিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও নিজেদের করে নিয়েছে জার্মানি।

কুরাসাওয়ের বিপক্ষে করা ৭ গোলের সুবাদে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়াল ২৩৯। এতদিন ২৩৮ গোল নিয়ে এই তালিকার শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ছাড়া ১৫২ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

রেকর্ড গড়ার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচের ৮ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোল সমতায় ফেরায় ক্যারিবীয় দেশটিকে।

কিন্তু ৩৮তম মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

বিরতির পর ৫২তম মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভও গোলের খাতায় নাম লেখান। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির গোল উৎসব পূর্ণতা দেন হাভার্টজ। তাতে স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ৭-১।

একসময় ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায় রচনা করেছিল জার্মানি। এবার আরেকটি ৭-১ স্কোরলাইনের ম্যাচেই ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল তারা।