১৫ জুন ২০২৬, ০৩:০৬

গোলশূন্য সমতায় বিরতিতে জাপান–নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস-জাপান ম্যাচ   © সংগৃহীত

জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও গোলশূন্য সমতাতেই শেষ হয়েছে। আক্রমণ ও পাল্টা আক্রমণের একের পর এক মুহূর্ত তৈরি হলেও কোনো দলই শেষ পর্যন্ত বল জালে পাঠাতে পারেনি।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে নেদারল্যান্ডস। বল দখলে এগিয়ে থেকে তারা একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।

অন্যদিকে জাপানও পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে এবং মাঝেমধ্যে বিপজ্জনক আক্রমণ সাজায়। রক্ষণ ও মাঝমাঠের শৃঙ্খলাবদ্ধ খেলায় তারা নেদারল্যান্ডসের আক্রমণভাগকে বারবার আটকে দেয়।

ম্যাচের ৩৪তম মিনিটে কর্নার থেকে নেদারল্যান্ডস ফরোয়ার্ড ডনিয়েল মালেনের নেওয়া হেড জোরালো হলেও অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। এতে নিশ্চিত একটি গোল থেকে বেঁচে যায় জাপান।

এরপরও ভির্জিল ফন ডাইকের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। অন্যদিকে জাপানও দ্রুতগতির আক্রমণ দিয়ে ম্যাচে ভারসাম্য বজায় রাখে। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।