১৫ জুন ২০২৬, ০০:৫০

ইরানের বেসক্যাম্পের পাশে মৃতদেহ

ইরানের বেসক্যাম্প  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে থাকা ইরানের মিশন শুরু হবে আগামী ১৬ জুন। যদিও তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তবে দলটির বেসক্যাম্প মেক্সিকোতে স্থাপন করা হয়েছে। আর সেই বেসক্যাম্প ঘিরেই তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

মেক্সিকোর তিজুয়ানায় ইরান দলের অনুশীলন মাঠের পাশ থেকে একটি গাড়ির ভেতর পচাগলা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় পুলিশ জানায়, গত শুক্রবার একটি পরিত্যক্ত গাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাসিন্দারা কর্তৃপক্ষকে খবর দেন। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে কালো ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। গাড়িটি কয়েক দিন ধরে একই স্থানে পড়ে থাকলেও প্রথমদিকে কেউ বিষয়টি টের পাননি।

উদ্ধার হওয়া মরদেহটি ইরান দলের বেসক্যাম্পের বিপরীতে থাকা একটি সুপারমার্কেটের সামনে রাখা গাড়িতে পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, তিজুয়ানা দীর্ঘদিন ধরেই ড্রাগ কার্টেল ও সহিংস অপরাধের জন্য কুখ্যাত। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর শহরটিতে প্রায় ১,২০০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ইরান দলের বেসক্যাম্পের কাছাকাছি এমন ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।