অবসর ভেঙে ইতিহাস ম্যানুয়েল নয়্যারের, জার্মানির হয়ে খেলবেন পঞ্চম বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ ২০২৬–এ জার্মানির স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। দলটির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার আবারও শুরুর একাদশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। শনিবার জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান জানিয়েছেন, ‘নিজের পঞ্চম বিশ্বকাপে কুরাকাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে গোলরক্ষক হিসেবে শুরু করবেন ম্যানুয়েল নয়ার। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নাগেলসম্যান বলেন, সব খেলোয়াড় ফিট আছে এবং মানু শুরু থেকেই খেলবে।
প্রায় দুই বছর পর জার্মান জার্সিতে ফিরছেন নয়ার। সর্বশেষ তিনি ইউরো ২০২৪ কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ১২৪তম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। এরপর জাতীয় দল থেকে দূরে থাকলেও ক্লাব পর্যায়ে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফর্ম করে আবারও দলে জায়গা করে নেন তিনি।
গত মৌসুমে বায়ার্নকে লিগ শিরোপা জিততে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার পর্যন্ত যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ৪০ বছর বয়সী গোলরক্ষক। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জার্মান দলের রক্ষণভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া জানা গেছে, কুরাকাও দলটি বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে এবং এই ম্যাচে জার্মানিকে প্রতিপক্ষ দলের তুলনায় বেশি শক্তিশালী ও জয়ের সম্ভাবনাসম্পন্ন দল হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন : বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তির খবর
কোচ নাগেলসম্যান বলেছেন, দলের লক্ষ্য হলো শুরু থেকেই তিন পয়েন্ট নিশ্চিত করে টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করা। বিশ্বকাপের মতো বড় আসরে নয়ারের এই প্রত্যাবর্তন জার্মান সমর্থকদের মধ্যে নতুন করে আশা তৈরি করেছে।