ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিরক্ত ডানিলো, বললেন—‘আমাদের ভাগ্য ভালো’
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিল দলের অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক দানিলো দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলের দুর্বল পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, দলটি বড় বিপদ থেকে বেঁচে গেছে।
ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের দানিলো বলেন, প্রথমার্ধে দলের মানসিক চাপ ও অস্থিরতা বড় ভূমিকা রেখেছে। মরক্কো পুরো সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বলেও তিনি স্বীকার করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি প্রথমার্ধে উদ্বেগ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু আমাদের এটা ঠিক করতে হবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যদি আমরা এমন একটি অর্ধ খেলি, তাহলে এর মূল্য অনেক বড় হয়। আমাদের ভাগ্য ভালো যে প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়েছে। এটা আমাদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত এবং দ্রুতই সেই শিক্ষা নিতে হবে।’
তিনি আরও বলেন, ব্রাজিলের মান অনুযায়ী প্রথমার্ধের পারফরম্যান্স ছিল একেবারেই অগ্রহণযোগ্য। টেকনিক, ট্যাকটিকস এবং মানসিক দিক সব ক্ষেত্রেই দল পিছিয়ে ছিল বলে মন্তব্য করেন তিনি। চাপ ও নার্ভাসনেসের কারণে খেলোয়াড়রা বারবার ভুল করেছে এবং বিরতির আগে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকেও দলটি ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে।
দ্বিতীয়ার্ধে পরিবর্তিত কৌশল ও বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সে কিছুটা উন্নতি দেখা যায় বলে জানান দানিলো। তিনি বলেন, দল তখন ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং বল দখল ও আক্রমণে ভারসাম্য ফিরিয়ে আনে। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের প্রস্তুত থাকা দলের জন্য বড় সম্পদ। প্রথমার্ধের ভুলগুলো বড় সতর্কবার্তা হলেও দ্বিতীয়ার্ধের প্রত্যাবর্তন ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য কিছুটা আশাবাদ জাগিয়েছে।