গোল শোধ করে বিরতিতে ব্রাজিল
মরক্কোর বিপক্ষে শুরুতেই চাপে পড়েছিল ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরুর দিকে মরক্কোর আক্রমণ সামলাতে হিমশিম খেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পেতে শুরু করে সেলেসাওরা।
ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের তীব্রতাও বাড়ায় তারা। সেই প্রচেষ্টার ফলও আসে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ম্যাচের ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজের চেনা ভঙ্গিতে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিয়মিত দেখা যায়, এমন গোলই এবার উপহার দিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের সেই দারুণ ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। একইসঙ্গে জাতীয় দলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচটিকেও স্মরণীয় করে রাখেন তিনি।
এর আগে ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছিল মরক্কো। ষষ্ঠ মিনিটেই বেনজামিন এল আইনুইয়ের শট থেকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল তারা, যদিও গ্যাব্রিয়েল মাগালহায়েসের অসাধারণ ব্লকে রক্ষা পায় ব্রাজিল। এরপর ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের বাড়ানো থ্রু পাস ধরে গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠান ইসমায়েল সাইবারি।