পরিসংখ্যান ও সম্ভাবনায় কে এগিয়ে, ব্রাজিল নাকি মরক্কো?
ফিফা ফুটবল বিশ্বকাপের তৃতীয় দিনে ব্রাজিল ও মরক্কোর লড়াইকে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই ম্যাচের আগে পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। তথ্য-পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার ২৫ হাজার সিমুলেশন অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ৭ শতাংশ, অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২৩ দশমিক ৫ শতাংশ এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৮ শতাংশ।
এদিকে দুই দলের অতীত রেকর্ডও ব্রাজিলকেই এগিয়ে রাখছে। বিশ্বকাপে একমাত্র দেখায় ১৯৯৮ সালে ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। তবে সর্বশেষ ২০২৩ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মরক্কো। ফলে সাম্প্রতিক সময়ে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও এন্দ্রিকের মতো তারকারা আছেন। অন্যদিকে মরক্কোর শক্তি তাদের সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা দলটি ইতোমধ্যেই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।
অন্যদিকে গ্রুপ ‘সি’-এর হিসেবেও ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। একই গ্রুপে থাকা অন্য দুই দল স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রথম ম্যাচের জয় দুই দলের জন্যই মূল্যবান। তাই পরিসংখ্যান নিজেদের পক্ষে থাকলেও মরক্কোর চ্যালেঞ্জ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।