১৩ জুন ২০২৬, ১০:০০

বিশ্বকাপের মঞ্চে ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছরের গিলবার্তো মোরা

গিলবার্তো মোরা  © ফাইল ফটো

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জন্ম নিল নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের রাতে ইতিহাস গড়লেন ১৭ বছর বয়সী এক কিশোর। তাঁর নাম গিলবার্তো মোরা। বদলি হিসেবে মাঠে নেমেই তিনি ভেঙে দিলেন মেক্সিকোর ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড এবং জায়গা করে নিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায়।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর ২৪০ দিন। এই উপস্থিতির মধ্য দিয়েই তিনি হয়ে যান বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলার।

মেক্সিকোর জাতীয় দলের কোচ জাভিয়ের আগুইরের দীর্ঘদিনের আস্থার প্রতীক এই তরুণ মিডফিল্ডার। দেশটির শীর্ষ লিগে ক্লাব তিজুয়ানার হয়ে গত দুই মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজায় পৌঁছে দেয়।

মাত্র ১৭ বছর বয়সেই শীর্ষ পর্যায়ের ফুটবলে ৫০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গোল করা, আক্রমণ গড়ে তোলা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতায় ইতোমধ্যেই নিজেকে আলাদা করে তুলেছেন।

এর আগেও ইতিহাস গড়েছিলেন মোরা। ২০২৫ সালে মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ জাতীয় দলের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন তিনি।

৯৬ বছরের অপেক্ষার অবসান
মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে তিনি খেলেছিলেন ১৮ বছর ৮৭ দিন বয়সে। 

প্রায় এক শতাব্দী ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন গিলবার্তো মোরা। ৯৬ বছর পর মেক্সিকান ফুটবল পেল নতুন এক কিশোর ইতিহাসের নায়ককে।

পেলের পাশেই মোরার নাম
মোরার কীর্তি শুধু মেক্সিকোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় তিনি উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। তাঁর ঠিক আগেই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে পেলের অভিষেক হয়েছিল ১৭ বছর ২৩৫ দিন বয়সে—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড অবশ্য এখনও উত্তর আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইডের। ১৯৮২ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ পাঁচ ফুটবলার
বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায় শীর্ষে রয়েছেন উত্তর আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড, যিনি ১৯৮২ সালে ১৭ বছর ৪১ দিন বয়সে অভিষেক করেছিলেন। তাঁর পর রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন, ১৯৯৮), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন, ২০০২), ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন, ১৯৯৮) এবং ব্রাজিলের কিংবদন্তি পেলে (১৭ বছর ২৩৫ দিন, ১৯৫৮)। 

এই পাঁচজনের পরই স্থান করে নিয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরা, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন।

এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সাত ফুটবলার
৪৮ দলের এই বিশ্বকাপে অংশ নেওয়া মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলারের মধ্যে বয়সে সবচেয়ে ছোট সাতজন তরুণ তুর্কি হলেন— মেক্সিকোর ১৭ বছর ২৪০ দিন বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা (যিনি এই আসরের সর্বকনিষ্ঠ খেলোয়াড়), চেক প্রজাতন্ত্রের হুগো সোচুরেক (১৮ বছর ৪ দিন), জার্মানির লেনার্ট কার্ল, সেনেগালের ইব্রাহিম এমবায়ে (১৮ বছর ১৩৮ দিন), মিসরের হামজা আবদেলকরিম (১৮ বছর ১৬১ দিন), সেনেগালের বারা সাপোকো এনদিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার ১৮ বছর ২৪৭ দিন বয়সী গোলকিপার লাদেন ইয়ুরকাস।