মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি নেইমারের
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে অভিষেক ম্যাচে খেলা ফুটবলারদের মধ্য থেকে আটজনকে রেখেই দল সাজানোর পরিকল্পনা করেছেন তিনি। সম্ভাব্য এই একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের।
বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ দিকের অনুশীলনে আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই সেট পিস নিয়ে আলাদা করে কাজ করান আনচেলত্তি। বিশেষ করে উঁচু হয়ে আসা বলের ব্যবহার এবং কর্নার ও ফ্রি-কিক পরিস্থিতিতে দলকে আরও কার্যকর করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মিডিয়ার জন্য উন্মুক্ত অনুশীলন শেষে খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন কম্বিনেশনও পরীক্ষা করেন ব্রাজিল কোচ। দলে প্রয়োজনের তুলনায় বেশি খেলোয়াড় থাকায় তিনি কয়েকটি পজিশনে রোটেশন করেন। বাম দিকে আলেক্স সান্দ্রোর সঙ্গে ডগলাস সান্তোসকে এবং আক্রমণভাগে মাতেউস কুনহার সঙ্গে ইগর থিয়াগোকে পর্যবেক্ষণ করা হয়।
মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার সমন্বয় কোচিং স্টাফকে আশাবাদী করে তুলেছে। মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাদের বোঝাপড়া এবং জায়গা দখলের সক্ষমতা ব্রাজিলের টেকনিক্যাল টিমের নজর কেড়েছে।
অন্যদিকে ওয়েসলির অনুপস্থিতিতে রাফিনিয়া আক্রমণে আগের মতো স্বাধীনভাবে খেললেও ডান প্রান্তে তার উপস্থিতি আরও বেশি দেখা যাচ্ছে। এতে আক্রমণভাগে ভারসাম্য বজায় রাখা সহজ হচ্ছে বলে মনে করছেন কোচিং স্টাফ।
এই ম্যাচে ব্রাজিল ৪-৪-২ ফরমেশনে খেলবে বলে ধারণা করা হচ্ছে। এই কৌশলে মাতেউস কুনহা বাম দিক থেকে রক্ষণে সহায়তা করবেন, আর পাকেতা ডান দিকে নেমে আসবেন। ফলে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া আক্রমণে আরও বেশি স্বাধীনতা পাবেন।
গ্রুপ ‘সি’-এর উদ্বোধনী ম্যাচে আগামী শনিবার মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়। একই গ্রুপের অন্য ম্যাচে হাইতি ও স্কটল্যান্ড বোস্টনে মুখোমুখি হবে।
একাদশ
ব্রাজিল গণমাধ্যম গ্লোবোর তথ্যমতে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশটি হলো:
গোলরক্ষক: আলিসন বেকার।
রক্ষণভাগ: দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও আলেক্স সান্দ্রো।
মিডফিল্ড: কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা ও মাতেউস কুনহা।
আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।