‘জনগণের টাকা খরচ করা ছাড়াই বিটিভিতে বিশ্বকাপ’
আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এই আসরের সম্প্রচার নিয়ে বাংলাদেশে যে অনিশ্চয়তা ছিল, তা কয়েক দিন আগে কেটে গেছে। দেশের দুটি বেসরকারি টেলিভিশন খেলা সম্প্রচারের ঘোষণা দিলেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর মধ্যে মঙ্গলবার (৯ জুন) তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ–সংক্রান্ত একটি বার্তা দিয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করেন,'অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।'
এর আগে, কাতার বিশ্বকাপে ৯৮ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনেছিল বিটিভি। এবার বিটিভি খেলা দেখালেও তেমন খরচ হবে না বার্তা এমনই মন্ত্রীর। তার ভাষ্য,'আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।'