ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় পেল ফ্রান্স
কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিত হারের ধাক্কা বেশ দ্রুতই সামলে উঠল ফ্রান্স। বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে দিদিয়ে দেশমের দল। বিশ্বকাপ শুরুর আগে এই জয় আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের।
সোমবার রাতে লিলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। চার দিন আগে কোস্টারিকার কাছে হারের পর নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও তাদের সতীর্থরা।
ম্যাচের প্রথম ১৫ মিনিটেই তিনটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ডরা। এমবাপে প্রথমে লক্ষ্যভ্রষ্ট শট নেন, পরে আরেকটি সুযোগে সরাসরি গোলরক্ষকের হাতেই বল তুলে দেন।
তবু আক্রমণের ধার অব্যাহত রাখে ফ্রান্স। ম্যাচের ৪৩তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। দেম্বেলের শট নর্দার্ন আয়ারল্যান্ডের রক্ষণভাগ প্রতিহত করলেও ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন ওলিসে। কাছ থেকে নেওয়া তার শট জড়িয়ে যায় জালে।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ফ্রান্স। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লুকা এরনঁদেজের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি বলে বুলেটগতির শটে ব্যবধান ২-০ করেন ওলিসে।
প্রথম এক ঘণ্টায় তেমন কোনো হুমকি তৈরি করতে না পারলেও ৬৪তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নর্দার্ন আয়ারল্যান্ড। সতীর্থের পাস পেয়ে গোলমুখে বল জালে পাঠান প্যাট্রিক কেলি। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
তবে সফরকারীদের সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৭৪তম মিনিটে ডান দিক থেকে চমৎকারভাবে জায়গা তৈরি করে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক উঁচু শট নেন ওলিসে। বল দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ালে পূর্ণ হয় তার হ্যাটট্রিক।
জাতীয় দলের জার্সিতে এটি ১৭ ম্যাচে ওলিসের সপ্তম গোল। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স ফরাসি শিবিরে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে দাপুটে এই জয় নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামছে দেশমের দল।