০৮ জুন ২০২৬, ১৯:৫৪

ওলটপালট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা, স্কালোনির দুশ্চিন্তা বাড়ছেই

আর্জেন্টিনা ফুটবল দল   © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই বড় ধাক্কার মুখে পড়েছে আর্জেন্টিনা। দলের একাধিক খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও ম্যাচ শেষে তিনি জানান, চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে।

মূলত এক ডজন ফুটবলারের ইনজুরির সমস্যা নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জানা গেছে, ক্লাব ফুটবলে ঠাসা সূচির কারণে অনেক খেলোয়াড়ই নিজেদের ফিটনেসে মননিবেশ করতে পারেননি। ফলশ্রুতিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে এর খেসারৎ দিচ্ছে আর্জেন্টাইন শিবির। যদিও লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে কোনো দুশ্চিন্তা দেখছে না আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। এরপরও তাদের নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দলীয় পরিকল্পনা নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আমি এখনও জানি না ফ্ল্যাকো’র (বালের্দি) জায়গায় কাকে নেওয়া হবে। এখনই কোনো আতঙ্ক ছড়াতে চাই না। অনেক খেলোয়াড়ই শতভাগ ফিট নন। তাই চূড়ান্ত সিদ্ধান্তটি শুধু একজন সেন্ট্রাল-ব্যাক পরিবর্তনের ওপর নির্ভর করছে না। আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করব।’

ব্যাখ্যা দিয়ে কোচ এও বলেন, ‘আমার সামনে আরেকটি ম্যাচ (প্রীতি ম্যাচ) রয়েছে, যেখান থেকে আমি একটা উপসংহারে পৌঁছাতে পারব। বালের্দির এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের দলের অন্য খেলোয়াড়দের অবস্থাও নতুন করে খতিয়ে দেখতে বাধ্য করছে।’

এদিকে গোলপোস্টের অত্যন্তপ্রহরী হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের চোটের উন্নতি স্বাভাবিক গতিতেই চলছে। জানা গেছে, আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তার ডানহাতের অনামিকা আঙুলের প্রতিরক্ষামূলক স্প্লিন্টটি খুলে ফেলা হতে পারে। ধারণা করা হচ্ছে, ততদিনের মধ্যেই তার চোট পুরোপুরি সেরে যাবে।

অন্যদিকে দলে জায়গা পাওয়ার লড়াইয়ে নিকো পাজ আলোচনায় থাকলেও লিয়ান্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মোলিনাকে ঘিরে দুশ্চিন্তা এখনও কাটেনি। বালের্দির জায়গা কাউকে ঢুকানোর আগে এই তিনজনকে নিয়েও অনিশ্চয়তা কাটাতে চান স্কালোনি। 

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লে আলবিসেলেস্তেরা।