০৮ জুন ২০২৬, ১৭:৫১

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ?

ব্রাজিল-জার্মানি ম্যাচ   © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ মানেই যেন উত্তেজনা, নাটকীয়তা আর নানা স্মরণীয় মুহূর্ত। তবে বিশ্বমঞ্চে কখনো কখনো এমনও ম্যাচ দেখা যায়, যেখানে গোলের বন্যায় হারিয়ে যায় জটিল সব হিসাব-নিকাশও। এমনই এক লজ্জার সঙ্গী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সময়টা ২০১৪ সালের ৮ জুলাই। ঘরের মাঠে 'হট ফেভারিট' হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। গ্যালারির ৬২ হাজার সমর্থক আর বিশ্বজোড়া কোটি চোখ অপেক্ষায় ছিল জোগো বোনিতোর ছন্দ দেখার। কিন্তু সেদিনই বড্ড অচেনা এক দল বনে গেল সেলেসাওরা। নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল জার্মানি। ম্যাচের ফলাফল ৭-১।

তবে এটাই প্রথম নয়, এর আগেও ব্রাজিলকে ৭ বা এর বেশি গোল দিতে পেরেছিল আরও দুটি দেশ। জার্মানির সঙ্গে এই অঘটনের প্রায় ৮০ বছর আগে ঘটেছিল প্রথম অঘটনটি।

১৯৩৪ সালের ৩ জুন বেলগ্রেডে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৮-৪ গোলে হারায় তৎকালীন যুগোস্লাভিয়া। সেলেসাওদের ইউরোপ সফরের অংশ ছিল ম্যাচটি। সেবারই প্রথমবারের মতো এক ম্যাচে ৭ বা এর বেশি গোল হজম করেছিল ব্রাজিল।

যদিও ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু পরে যুগোস্লাভিয়ার আক্রমণের সামনে একেবারেই ভেঙে পড়ে সেলেসাওদের রক্ষণভাগ। শেষমেশ ৮-৪ ব্যবধানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

এরপর প্রায় ৮০ বছরে কোনো দলই ব্রাজিলকে ৭ গোল দিতে পারেনি। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নিজ দেশের মাটিতে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেয় জার্মানি। মাত্র ২৯ মিনিটের মধ্যেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। শেষমেশ অস্কারের সান্ত্বনাসূচক গোলে একটি গোল শোধ করলেও ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় হার এটিই।