নির্বাচনে জিতেই রিয়াল মাদ্রিদে মরিনহোর প্রত্যাবর্তন নিশ্চিত করলেন পেরেজ
সভাপতি নির্বাচিত হয়েই রিয়াল মাদ্রিদে জোসে মরিনহোর প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রবিবার নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়ী হয়ে তিনি জানান, জোসে মরিনহো বিশ্বের সেরা কোচদের একজন। তাকে নিয়েই ক্লাব নতুন যুগে প্রবেশ করবে।
‘দ্য স্পেশাল ওয়ানের’ বার্নাব্যুতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে রিয়াল মাদ্রিদ বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে।নির্বাচনে জয়ী হওয়ার পর ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও মরিনহোর প্রসঙ্গ নিয়ে বিস্তারিত কথা বলেন পেরেজ।
পেরেজ বলেন, আজ রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় ও সফল দিন। তিনি জানান, তিনি সব বিভাগেই জয় পেয়েছেন এবং বিভিন্ন বয়সভিত্তিক ভোটেও এগিয়ে ছিলেন। তিনি বলেন, এই ফল ক্লাব নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সেরা অর্জন।
তিনি আরও জানান, প্রায় এক হাজার ভোট বাতিল হয়েছে এবং তারা এ বিষয়ে আপিল করবে। একই সঙ্গে তিনি বলেন, এই নির্বাচন স্বচ্ছতা ও সহাবস্থানের একটি উদাহরণ হয়ে থাকবে।
নির্বাচনী ফল নিয়ে সন্তোষ প্রকাশ করে পেরেজ বলেন, ‘ক্লাবের সভাপতি হিসেবে আমি গর্বিত। সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোট দিয়ে ক্লাবের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন।’
এরপর তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মৌরিনিয়োর ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব, বার্নাব্যুর গর্ব নিয়ে, বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং বিশ্বের অন্যতম সেরা কোচ জোসে মরিনহোর সঙ্গে। কোনো সন্দেহ নেই, রিয়াল মাদ্রিদ সদস্যদের ক্লাব হিসেবেই থাকবে। সমর্থকেরা বিশ্বের সামনে দেখিয়েছে রিয়াল মাদ্রিদের ভক্ত হওয়া মানে কী।’
তিনি আরও বলেন, ক্লাবকে শীর্ষে রাখতে তিনি কাজ চালিয়ে যেতে চান এবং তার লক্ষ্য ১৬তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। যারা তাকে ভোট দেননি, তাদের মতামতও তিনি শুনবেন বলে জানান। তার মতে, সবাইকে একসঙ্গে নিয়ে ক্লাবকে এগিয়ে নিতে হবে।