০৮ জুন ২০২৬, ১০:৪৮

ফুলব্যাক ওয়েসলির বদলে মিডফিল্ডার নিল ব্রাজিল

এদেরসন ওয়েসলি   © সংগৃহীত

ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ডান-ফুলব্যাক ওয়েসলি। তার জায়গায় দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে। চোটের কারণে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হারালেও দ্রুত বিকল্প বেছে নিয়েছে ব্রাজিল দল।

রোববার ভোরে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২–১ গোলে হারায় ব্রাজিল। সেই ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে কান্নাজড়িত অবস্থায় মাঠ ছাড়েন ২২ বছর বয়সী ওয়েসলি। পরে স্ক্যান রিপোর্টে তার বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট ধরা পড়ে। এরপরই নিশ্চিত হয়, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’

ওয়েসলির পরিবর্তে দলে সুযোগ পাওয়া এদেরসনের জন্য খবরটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২২ সাল থেকে ইতালির আতালান্তার হয়ে খেলছেন। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

দলে ডাক পাওয়ার সময় এদেরসন নিজের রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। আগের রাতে তিনি মেক্সিকোর ক্লাব টাইগার্স ইউএএনএলে খেলা সতীর্থ রোমুলোর বিয়েতেও অংশ নিয়েছিলেন।

প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকলেও তিনি চূড়ান্ত দলে জায়গা পাবেন বলে খুব একটা আশা করেননি। এমনকি পাসপোর্টও রেখে গিয়েছিলেন রিও ডি জেনিরোতে, যা পরে দ্রুত সাও পাওলোতে পাঠানোর ব্যবস্থা করতে হয়।

রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন আসে এদেরসনের কাছে। সেখানেই তিনি জানতে পারেন, ওয়েসলির বদলি হিসেবে তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। খবর পাওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি।

দলে যোগ দিতে তার সাও পাওলো হয়ে নিউ জার্সি যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় বিকেলে তিনি ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা। এরপর রাতেই জাতীয় দলের অনুশীলনে অংশ নেবেন তিনি।

বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর ইনস্টাগ্রামে এদেরসন লেখেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সব সময় তোমার পাশে আছি। চলুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।’

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।