প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা
ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ থাকায় লিওনেল স্ক্যালোনি হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসিকে মাঠে নামাননি। কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার পুরো ম্যাচই কাটান বেঞ্চে বসে থেকে। তবে মেসি না থাকলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ২-০ গোলের সহজ জয়ের মাধ্যমে। ম্যাচে লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। পরে দ্বিতীয় গোলটি আসে গিউলিয়ানো সিমিওনের পা থেকে।
এদিন দ্বিতীয়ার্ধে কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনেন। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। পরে আরও কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেন তিনি।
ম্যাচের ৫৫ মিনিটে আর্জেন্টিনা দ্বিতীয় গোল পায়। লাউতারো মার্তিনেজের অসাধারণ ব্যাকহিল পাস থেকে জুলিয়ানো সিমিওনে দারুণ ফিনিশিংয়ে গোল করেন, ব্যবধান দাঁড়ায় ২-০। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ বেশ কয়েকজনকে মাঠে নামান স্কালোনি। গোলরক্ষক হুয়ান মুসোসহ নতুনদেরও সুযোগ দেওয়া হয়।
তবে আলোচনায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই তারকা এখন আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছে দল।
এ জয়ের মাধ্যমে প্রস্তুতি পর্বে আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। আগামী ১০ জুন তারা শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে আইসল্যান্ডের।