এমআরআই পরীক্ষার ফলের ওপরই নির্ভর করছে নেইমারের দলে ফেরা: আনচেলত্তি
নেইমারের দলে ফেরা আগামী সপ্তাহে একটি নতুন এমআরআই পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও একটি মেডিকেল পরীক্ষার প্রয়োজন রয়েছে।
আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি নেইমারের পুনর্বাসন খুব পরিষ্কারভাবে এগোচ্ছে, সে খুব ভালোভাবে ব্যক্তিগত কাজ করছে। আমি মনে করি, সপ্তাহান্তে, কাল সে একটি এমআরআই করবে। এরপর সেই রিপোর্ট ভালো এলে, সে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দিতে পারে।’
তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পরে জানায়, এই এমআরআই পরীক্ষা শনিবার নয়, আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
বর্তমানে ডান পায়ের কাফ মাসলে গ্রেড-২ ইনজুরি থেকে সেরে ওঠার জন্য রিহ্যাবে আছেন নেইমার। এই কারণে তিনি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না। ম্যাচটি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
তিনি দলটির সঙ্গে ক্লিভল্যান্ডেও যাচ্ছেন না এবং পুরো সময় ফিজিওথেরাপি ও পুনর্বাসন অনুশীলনে ব্যয় করছেন।
এর আগে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। তবে সেবার তিনি দলের সঙ্গে ছিলেন, বেঞ্চ থেকে ম্যাচ উপভোগ করেন এবং দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান।
নেইমারের ইনজুরির শুরুতে সান্তোস ক্লাব এটিকে সাধারণ ‘এডিমা’ বা হালকা ফোলা হিসেবে উল্লেখ করেছিল। তবে করিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি চোট পান। সেই ম্যাচে একটি ভুল পরিবর্তনের কারণে তিনি আবার মাঠে ফিরতে পারেননি, কারণ তখন তিনি মাঠের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।
পরবর্তীতে ব্রাজিল দলে করা নতুন পরীক্ষায় জানা যায়, তার ইনজুরি আসলে গ্রেড-২, যা সান্তোসের প্রাথমিক রিপোর্টের চেয়ে বেশি গুরুতর। ২৮ মে দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই তথ্য নিশ্চিত করেন এবং জানান, তার পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এই অবস্থায় নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো কোনো ম্যাচ খেলেননি নেইমার। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবর মাসে, যখন তিনি বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন।
সবকিছু ঠিক থাকলে, ব্রাজিলের বিশ্বকাপ মিশনে মরক্কোর বিপক্ষে ১৩ জুনের ম্যাচেই তার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।