০৫ জুন ২০২৬, ২০:৩৩

ফ্রান্স দলে অন্তঃকোন্দল, তারকা ২ ফুটবলারের করমর্দন না করা নিয়ে বিতর্ক

এমবাপ্পে ও কান্তে   © সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও এন’গোলো কান্তের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে কি না—এই প্রশ্ন এখন ফুটবল বিশ্বে ব্যাপকভাবে আলোচনায় জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও, এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২–১ গোলে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দলে আরও অস্বস্তির তৈরি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর আগে স্টেড দ্য লা বোজোয়ারে মাঠে ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়রা এক সারিতে দাঁড়িয়ে আছেন এবং একে অপরের সঙ্গে করমর্দন করছেন। সেখানে এন’গোলো কান্তে একাধিক সতীর্থকে শুভেচ্ছা জানালেও কিলিয়ান এমবাপ্পের পাশে এসে কোনো করমর্দন বা দৃশ্যমান যোগাযোগ ছাড়াই তিনি এগিয়ে যান।

এই দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই দলে অভ্যন্তরীণ দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়ে ভক্ত সমর্থকেরা প্রশ্ন তোলেন। একজন বলেন, ‘এমবাপ্পে ও কান্তের মধ্যে কী চলছে, তারা কি একে অপরকে এড়িয়ে চলছে?’ 

আরেকটি পোস্টে প্রশ্ন তোলা হয়, ‘কান্তে আর এমবাপ্পে কি এখন আর কথা বলে না?’

ফ্রান্স দলে এমবাপ্পে ও কান্তে দুজনেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী দলেরও তারা ছিলেন মূল সদস্য। তবে সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক বাস্তব কোনো দ্বন্দ্বের ইঙ্গিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলে এই পরিস্থিতি ভবিষ্যৎ পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়েও চলছে আলোচনা।