০২ জুন ২০২৬, ০৯:২৩

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিদানের ছেলে বিশ্বকাপে খেলবেন আরেক দেশের হয়ে

লুকা জিদান  © সংগৃহীত

জিনেদিন জিদান ফ্রান্সের একজন কিংবদন্তি ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ মিডফিল্ডার। এরপর ২০০৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তোলেন। তবে সেবার জিদান আর দলকে শিরোপা জেতাতে পারেননি। 

বুটজোড়া অনেক আগে তুলে রাখলেও ক্লাব ফুটবলে দীর্ঘ সময় ধরে কোচের দায়িত্ব পালন করছেন জিদান। তবে এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। জিদানের পর এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারই বড় পুত্র লুকা জিদান। ফ্রান্সের হয়ে নয়, পূর্বপুরুষের আদি নিবাস আলজেরিয়ার হয়ে খেলবেন লুকা। 

রবিবার (৩১ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন লুকা জিদান। এবারের আসরে আলজেরিয়াকে নেতৃত্বে দেবেন সাবেক ম্যানচেস্টার সিটি ও লেস্টারের ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। বর্তমানে ৩৫ বছর বয়সী এ তারকা সৌদি আরবের ক্লাব আল আহলির হয়ে খেলছেন।

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে আফ্রিকার দেশটি। সেখানে জায়গা পেয়েছেন লুকা।

বাবা মিডফিল্ডার হিসেবে দীর্ঘ সময় খেলেছেন। কখনো নিজে গোল করেছেন, সতীর্থদের গোলে অবদান রেখেছেন। তবে পুত্র লুকা বাবার ঠিক উল্টো। প্রতিপক্ষের গোল ঠেকানোই তার কাজ। তিনি গোলরক্ষক। স্প্যানিশ ক্লাব গ্রানাডায় খেলা লুকা জিদান আলজেরিয়া দলে তিন গোলকিপারের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলা লুকা গত বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। লুকা ও তার বাবার জন্ম ফ্রান্সে। দাদা-দাদি আলজেরিয়ান।

আলজেরিয়ার ২৬ সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। দলে জায়গা পেয়েছেন টটেনহ্যামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেব। 

কোচ ভ্লাদিমির পেটকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও। এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া। ১৯৮২ বিশ্বকাপে প্রথম অংশ নেয় তারা। এরপর ১৯৮৬ বিশ্বকাপেও খেলে। 

তারপর দীর্ঘ বিরতি, ২০১০ বিশ্বকাপে আবারও খেলার টিকেট মেলে। এরপর ২০১৪ বিশ্বকাপে খেলা দলটি গত টানা দুই আসরে বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে মাঠের বাইরে থাকা আলজেরিয়া এবার বাছাইপর্বে দুর্দান্ত খেলে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের টিকেট কাটে।

২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপ থেকে খেলবে আলজেরিয়ানরা। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নতুন আসা জর্দান এবং ইউরোপের অন্যতম সেরা শক্তি অস্ট্রিয়া। ১৬ জুন মেসিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে দলটির।

আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: উসামা বেনবোত, মেলভিন মাসতিল ও লুকা জিদান

ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান এইত-নৌরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাওয়েন হাদজাম, আইসা ম্যান্দি, মোহামেদ আমিন তোগাই

মিডফিল্ডার: হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বাউদাওউই, ফারেস সাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাওই, রামিজ জেরোকি

ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমওরা, নাদির বেনবাউলি, আদিল বাউলবিনা, ফারেস গেদজেমিস, আমিন গাউইরি, রিয়াজ মাহরেজ ও আনিস হাজ মুসা।