৩০ মে ২০২৬, ২২:১৭

ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন যারা

বিশ্বকাপ ট্রফি ও ইউটিউব লোগো   © টিডিসি ফটো

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। দেশটির দর্শকরা ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখতে পারবেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিনিয়োগ থাকা প্রতিষ্ঠান লাইভমোড এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল কেজটিভি যৌথভাবে এই ঘোষণা দিয়েছে। তবে এই সুবিধা কেবল ব্রাজিলের দর্শকদের জন্য। ব্রাজিলের বাইরে অন্য কোনো দেশের দর্শকরা ইউটিউবের মাধ্যমে বিশ্বকাপের এই ফ্রি সম্প্রচার উপভোগ করতে পারবেন না।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করেছে কেজটিভি। ব্রাজিলিয়ান দর্শকদের জন্য ফোরকে (4K) মানের স্ট্রিমিং সুবিধাও থাকবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ম্যাচের বাইরের নানা বিশেষ আয়োজন।

সম্প্রচারের অংশ হিসেবে পর্দার আড়ালের এক্সক্লুসিভ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন দেখানো হবে। বিশেষ করে তরুণ ফুটবলভক্তদের আকৃষ্ট করতেই এসব উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

কেজটিভির যাত্রা শুরু হয় ২০২২ সালে। ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসেমিরো মিগুয়েল স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে চ্যানেলটি চালু করেন। ওই বছর কাতার বিশ্বকাপের কিছু নির্বাচিত ম্যাচ সম্প্রচার করে ব্যাপক সাড়া ফেলে তারা।

এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিক গেমসসহ বিভিন্ন বড় ক্রীড়া আসরের সম্প্রচার করেছে কেজটিভি। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া